Raiganj | স্ত্রীর মৃত্যুর ঠিক একদিন পরেই মর্মান্তিক পরিণতি! রায়গঞ্জে রাস্তার ধার থেকে উদ্ধার যুবকের দেহ

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে চরম মানসিক অবসাদে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এক যুবক! স্ত্রীর মৃত্যুর ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে রাস্তার ধার থেকে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া (Tragic) নেমে এসেছে রায়গঞ্জ (Raiganj) থানার কর্ণজোড়া হাটখোলা এলাকায়। মৃত যুবকের নাম অমল দেবনাথ (২৭)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার জ্বরে আক্রান্ত হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমলের স্ত্রী রুমকি দেবনাথ। স্ত্রীর আকস্মিক প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারেননি অমল। শোকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দিয়ে তিনি মদ্যপ অবস্থায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন বলে পরিবারের দাবি।

সোমবার সকালে বাড়ি থেকে বের হন অমল। এরপর দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁর সন্ধান শুরু করেন। পরে খবর আসে, কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত ১২ ঘন্টা এলাকায় একটি দোকানের সামনে রাস্তার ধারে তিনি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। পরিবারের লোকজন সেখানে ছুটে গিয়ে দেখেন তাঁর মৃত্যু হয়েছে।

মৃত অমল দেবনাথের দেড় বছরের একটি শিশুপুত্র রয়েছে। তাঁর বাবা নরেশ দেবনাথ ও মা রত্না দেবী বর্তমানে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। একমাত্র ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তাঁরা ইতিমধ্যেই রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

খবর পেয়ে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *