Raiganj | ভারত-বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতীদের লক্ষ্য করে বিএসএফের গুলি, পালিয়ে বাঁচল পাচারকারীরা!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রায়গঞ্জ: আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। শনিবার ভোররাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) থানার পারসাডাঙ্গি বিওপি (BOP) সীমান্তে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পাচারকারীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় বিএসএফ, যার জেরে তাদের ফেলে যাওয়া পোঁটলা থেকে উদ্ধার হয়েছে ১২৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে, এদিন ভোররাত ৩টা ৫৫ মিনিট নাগাদ ৮৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা কাঁটাতারের বেড়ার কাছে ৬ জন দুষ্কৃতীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। চ্যালেঞ্জ করা মাত্রই তারা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। সেই সময় কর্তব্যরত জওয়ানরা ২ রাউন্ড PAG ফায়ার করেন। একইসঙ্গে ভারতীয় ভূখণ্ড থেকে কাঁটাতারের ওপারে পোঁটলা ছুঁড়ে ফেলার সময় এক ব্যক্তি পালিয়ে যায়।

খবর পেয়ে স্পেশাল অ্যাকশন টিম (SAT) ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ৫টি পোঁটলা উদ্ধার করে। তার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল এবং ৭৬ বোতল PK Dryl সহ মোট ১২৬ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ২৯,৬১৪ টাকা।

এই ঘটনায় ফকরুল (তাজপুর, ভাটোল ফাঁড়ি) ও কালু মোহাম্মদ (ডুলুয়া গ্রাম, করণদিঘি) নামে দুই ভারতীয় মাদক কারবারির নাম উঠে এসেছে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, বিএসএফের লিখিত অভিযোগের ভিত্তিতে পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *