রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা গ্রামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে (Mysterious Demise) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত গৃহবধূর নাম নিপা শীল (২৫)। জানা গিয়েছে, ঘটনার সাত ঘণ্টা পেরিয়ে গেলেও মৃতদেহ পড়ে রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার নিপা শীলের ঝুলন্ত দেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই নিপার স্বামী এবং শ্বশুরবাড়ির বাকি সদস্যরা নিখোঁজ। বর্তমানে পরিবারের কোনো সদস্যের দেখা না মেলায় পুরো বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (UD Case) মামলা রুজু করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগামীকাল দেহটির ময়নাতদন্ত করা হবে।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। তবে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের পালিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

