রায়গঞ্জঃ সরকারি প্রকল্পের টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে মারধর করে বাড়িছাড়া করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ মহিলা থানার পুলিশ (Raiganj)। অভিযুক্তের নাম প্রিয় বর্মন (৫৫), বাড়ি রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের পকম্বা গ্রামে। বুধবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্ত্রী শিখা বর্মন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের অধীনে ৩০০০ টাকা অনুদান পান। অভিযোগ, সেই টাকা থেকে স্বামী প্রিয় বর্মন মদ খাওয়ার জন্য এক হাজার টাকা দাবি করেন। স্ত্রী সেই টাকা দিতে অস্বীকার করলে তাঁর ওপর চড়াও হয় স্বামী। তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর শিখা বর্মন মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে গতকাল রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। জখম ওই গৃহবধূকে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিলা থানার পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অন্নপূর্ণা ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পের টাকা মদ খাওয়ার জন্য দাবি করা এবং তার জেরে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।

