উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মঙ্গলবার ভোর থেকেই ভক্তদের জয়ধ্বনি ও উৎসবের আমেজে মুখরিত ওডিশার পুরী (Puri Rath Yatra 2026)। জগন্নাথদেবের (Lord Jagannath) রথযাত্রাকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে শ্রীক্ষেত্র প্রাঙ্গণে। সকাল ৬টায় মঙ্গলারতির মাধ্যমে শুরু হয়েছে রথযাত্রার সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান।
পুরীর ঐতিহ্য মেনে ভোর থেকেই শুরু হয় মৈলম, তড়প লাগি, রোশ হোম, অবকাশ এবং সূর্যপুজোর মতো পর্যায়ক্রমিক রীতি। সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ শুরু হয়েছে ‘পাহান্ডি’ পর্ব, যেখানে গর্ভগৃহ থেকে বলভদ্র, সুভদ্রা ও জগন্নাথ দেবকে রথে নিয়ে আসা হবে। দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে যাবতীয় আচার সম্পন্ন হওয়ার কথা। এরপর ‘ছেরা পাহানরা’র আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টে নাগাদ লক্ষ লক্ষ ভক্তের করস্পর্শে রথের (Chariot) দড়িতে টান পড়বে। এরপরই তিন দেবতা গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে যাত্রা করবেন, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে পরিচিত।
রথযাত্রার এই বিশেষ দিনে দেবতাদের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরিবর্তে, স্বয়ং ভগবান রথে চড়ে ভক্তদের দর্শনের জন্য বেরিয়ে আসেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রথের দড়ি টানার এই সুযোগই জগন্নাথ সংস্কৃতির মূল ভিত্তি—সাম্য ও ঐক্যের বার্তা বহন করে। প্রতি বছরই নতুন কাঠে নির্মিত হয় তিনটি বিশাল রথ।
উৎসবের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, আগামী ২০ জুলাই হবে বহুড়া যাত্রা বা প্রত্যাবর্তন। এরপর ২৪ জুলাই সোনা বেশ, ২৬ জুলাই আধর পান এবং ২৭ জুলাই নীলাদ্রি বিজের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি ঘটবে।
লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে পুরীজুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি মুহূর্তের ওপর নজর রাখছে প্রশাসন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা কার্যকর করা হয়েছে। পুরীর আকাশ-বাতাস এখন কেবলই ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর।

