প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: জাল লটারি কাণ্ডে (Faux lottery case) এবার সিআইডি (CID)-র জালে একজন। ধৃতের নাম, লালন শা ওরফে মহম্মদ নুরুল ইসলাম। সে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের বাসিন্দা।
হেপাজতে থাকা রাজকুমার ঢালি ওরফে রাজুকে সঙ্গে নিয়ে সিআইডির একটি টিম শনিবার রাতে লালনের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে ২৯টি ভুটান লটারির জাল টিকিট উদ্ধার হয়েছে বলে সিআইডির দাবি।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর রায়না বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার হয় রাজকুমার। তার বাড়ি হাওড়ার জগৎবল্লভপুর থানার তেলিহাটিতে হলেও বর্তমানে সে রায়না বাসস্ট্যান্ড বাজারে থাকতেন। রাজকুমার গ্রেপ্তার হওয়ার পর তার কাছ থেকে বেশকিছু জাল লটারির টিকিট, টাকা ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়। এই ঘটনায় রায়না থানার পুলিশ তদন্তে নামে। পরে তদন্তভার পুলিশের হাত থেকে সিআইডির হাতে তুলে দেওয়া হয়।
আদালতের অনুমতি নিয়ে বিচারবিভাগীয় হেপাজতে থাকা রাজকুমারকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির তদন্তকারী অফিসার। পরে আদালতে পেশ করে তাকে পাঁচদিন নিজেদের হেপাজতে নেয় সিআইডি। হেপাজতে থাকা রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করে জাল লটারি বিক্রির চক্রে লালনের জড়িত থাকার কথা জানা যায়। এরপর শনিবার রাতে সিআইডি লালন শা কে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত চলছে।
