উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভারতীয় ক্রিকেট (Indian Cricket) তারকা পৃথ্বী শ (Prithvi Shaw)-র ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। চলতি বছরের মার্চ মাসে অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়ালের (Akriti Agarwal) সঙ্গে বাগদান সারেন এই ক্রিকেটার। কিন্তু এখন সমাজমাধ্যমে আকৃতির একটি ‘ক্রিপটিক’ বা রহস্যময় পোস্টকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের গুঞ্জন।
সম্প্রতি সমাজমাধ্যমে আকৃতি আগরওয়াল একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি সরাসরি কোনো নাম উল্লেখ না করলেও বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন। পোস্টে তিনি লেখেন, “আমি বহুবার প্রতারণার শিকার হয়েছি, তবুও আমি কখনও একটি কথাও বলিনি। সবকিছুর পরও বিশ্বাস করতে পারছি না।”
আকৃতি আরও যোগ করেন, “সবই সত্যি; সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে যা যা রটনা শোনা যায়, তা সবই সত্যি।” যদিও পোস্টটি অল্প সময়ের মধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে, তবে তার আগেই এর স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, এই ইঙ্গিত মূলত পৃথ্বী শ’র দিকেই।
আকৃতির এই পোস্টের পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁদের সম্পর্ক ভাঙার জল্পনা তুঙ্গে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মজার ব্যাপার হল, আকৃতি সমাজমাধ্যমে এখনও পৃথ্বীকে ‘আনফলো’ করেননি এবং তাদের বাগদানের ছবিগুলোও প্রোফাইল থেকে সরাননি। ফলে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে দ্বিধা থেকেই যাচ্ছে।
মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের এই অশান্তির সময়ে পৃথ্বী শ’র ক্রিকেট ক্যারিয়ারও খুব একটা স্বস্তিতে নেই। ফিটনেস এবং ফর্মের কারণে দীর্ঘ দিন ধরে ভারতীয় দল থেকে বাইরে রয়েছেন তিনি। ২০২৬ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি এই তরুণ ব্যাটার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পৃথ্বী জানিয়েছেন, তিনি জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। তিনি বলেন, “আমি আমার জীবনের গত এক বছর বেশ উপভোগ করেছি। মানসিকভাবে সতেজ থাকতে বিভিন্ন জায়গায় ঘুরেছি। এখন আমি আমার ট্রেনিং ও ব্যাটিংয়ের ওপর আগের চেয়ে তিনগুণ বেশি মনোযোগ দিচ্ছি। আমি এটাকে পেছনের দিকে আসা মনে করি না, বরং এটি ছিল একটি প্রয়োজনীয় বিরতি, যাতে আমি মানসিকভাবে শক্তিশালী হয়ে ফিরতে পারি।”
ক্রিকেটের মাঠে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই নতুন বিতর্ক পৃথ্বীর জন্য কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

