উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবল বর্ষণের জেরে ফরাক্কার কাছে ধস (New Farakka Landslide) নেমে কার্যত থমকে গেল উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। বুধবার গভীর রাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে আপ লাইনের নীচের মাটি ও ব্যালাস্ট ধসে যায়। সেই মুহূর্তে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেসের চালক আচমকা তীব্র ঝাঁকুনি অনুভব করে ট্রেন থামিয়ে দেওয়ায় একটি বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে এই আকস্মিক বিপর্যয়ের জেরে চরম দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। জন্মাষ্টমীর টানা ছুটিতে সপ্তাহান্তে যারা উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, ট্রেন বাতিলের ( Prepare cancellation) জেরে তাঁদের সেই পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গিয়েছে।
রেল সূত্রে জানানো হয়েছে, লাইন সরে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটিও উপড়ে গিয়েছে। ১৫০ জনেরও বেশি কর্মী দিনরাত এক করে মেরামতির কাজ চালালেও, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত আরও দু’দিন সময় লাগতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বৃহস্পতিবারই দার্জিলিং মেল সহ উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হয়। বেশ কিছু ট্রেন ঘুরপথে চলাচল করে। শুক্রবারও পরিস্থিতির কারণে বেশ কিছু ট্রেন বাতিল ও ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় (canceled trains listing) রয়েছে শিয়ালদহ-বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-বালুরঘাট বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি হাওড়া-শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সহ একগুচ্ছ ট্রেন। ঘুরপথে চলবে রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস, বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন। আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ কমাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করেছেন।
