উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াইয়ের বাইরেও আইপিএল যে মানবিকতার মঞ্চ হতে পারে, তার অনন্য এক নিদর্শন দেখাল পাঞ্জাব কিংস (PBKS)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আহত হওয়া এক বয়স্ক ভক্তের প্রতি সহমর্মিতা জানিয়ে ক্রিকেট বিশ্বের মন জয় করে নিলেন ফ্র্যাঞ্চাইজি মালকিন প্রীতি জিনটা (Preity Zinta) এবং উদীয়মান তারকা প্রিয়াংশ আর্য।
মুল্লানপুরে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের হাই-ভোল্টেজ ম্যাচ চলাকালীন এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্যর মারা একটি বিশাল ছক্কা সোজা গিয়ে লাগে গ্যালারিতে থাকা কৃষ্ণ চাঁদ (Krishan Chand) নামক এক বৃদ্ধ সমর্থকের মুখে। বলের আঘাতে তার ভ্রুর কাছে গভীর ক্ষত তৈরি হয় এবং রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চোখের ভ্রুর ওপর সেলাই পড়ে।
ঘটনাটি জানতে পেরে চুপ করে বসে থাকেনি পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ। প্রিয়াংশ আর্য এবং প্রীতি জিনটা সরাসরি ভিডিও কলের মাধ্যমে কৃষ্ণ চাঁদের স্বাস্থ্যের খোঁজ নেন।
- প্রিয়াংশের উদ্বেগ: ভিডিও কলে প্রিয়াংশ বলেন, “আমি ভিডিওটি দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আপনার অবস্থা নিয়ে বেশ টেনশনে ছিলাম।”
- প্রীতির রসিকতা: ভক্তের শারীরিক অবস্থার কথা শুনে স্বস্তি প্রকাশ করেন প্রীতি জিনটা। তিনি হাসিমুখে বলেন, “আমরা আপনাকে ধর্মশালায় ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তবে এবার আপনার জন্য একটি হেলমেটের ব্যবস্থা করব, যাতে বল আসলেও আপনি সুরক্ষিত থাকেন!”
তবে কৃষ্ণ চাঁদ জানান তিনি বরতমানে ভালো রয়েছেন। তিনি বলেন, “আপনার আশীর্বাদে আমি এখন অনেকটাই ভালো আছি।”
পাঞ্জাব কিংসের পক্ষ থেকে কৃষ্ণ চাঁদকে তাদের পরবর্তী হোম গ্রাউন্ড ধর্মশালায় ম্যাচ দেখার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। প্রিয়াংশ কথা দিয়েছেন, তিনি চণ্ডীগড়ে ফিরলে ব্যক্তিগতভাবেও কৃষ্ণ চাঁদের সঙ্গে দেখা করবেন।
আইপিএলের গ্ল্যামারের আড়ালে অনেক সময় সাধারণ দর্শকদের আবেগ হারিয়ে যায়। কিন্তু প্রীতি জিনটার এই ব্যক্তিগত উদ্যোগ এবং প্রিয়াংশের দায়বদ্ধতা প্রমাণ করেছে যে, ভক্তরাই একটি দলের আসল চালিকাশক্তি। সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাব কিংসের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
