উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ভাগ্যনির্ধারণী ভোট গণনা। রাজ্যজুড়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই লখনউ থেকে বড় বার্তা দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav predicts 234 seats for TMC)। সব জল্পনার অবসান ঘটিয়ে গণনার আগের রাতেই অখিলেশ ঘোষণা করে দিলেন, বাংলায় ফের ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস এবার ২৩৪টি আসন পাবে বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তিনি।
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে অখিলেশ দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অনেক আধিকারিকই তৃণমূলের বিপুল জয়ের ইঙ্গিত দিচ্ছেন। তাঁর কথায়, “বিজেপি এবারও শোচনীয়ভাবে হারবে। দিদি আছেন, দিদিই থাকবেন।” অখিলেশের এই দাবি স্বাভাবিকভাবেই গণনার আগে জোড়াফুল শিবিরের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদব পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। মুলায়ম সিং যাদবের সময় থেকেই এই রাজনৈতিক সখ্যতা বজায় রয়েছে। চব্বিশের লোকসভা ভোটের আগে ‘ইন্ডিয়া’ জোট গঠনেও এই দুই নেতার রসায়ন বিশেষ ভূমিকা নিয়েছিল। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে মমতার সমর্থনের প্রতিদান হিসেবে বাংলার নির্বাচনেও বরাবর সরব থেকেছেন অখিলেশ। এবার ২৩৪ আসনের এই গাণিতিক ভবিষ্যদ্বাণী কতটা বাস্তব হয়, তা জানতে এখন কয়েক ঘণ্টার অপেক্ষা।
