উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের প্রশাসনিক ও পুলিশ স্তরে ফের বড়সড় রদবদল (Police Reshuffle) করল নবান্ন (Nabanna)। মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে ১৫ জন আইপিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ পরিষেবার (WBPS) আধিকারিকের নতুন পোস্টিং ও বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। রুটিন বদলি, পদোন্নতি এবং আগের নির্দেশে সংশোধনী—সব মিলিয়ে এই প্রশাসনিক রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আইপিএস অঞ্জন চক্রবর্তীকে এসিবির ডিআইজি পদ থেকে সরিয়ে এফএসএলের আইজিপি করা হয়েছে। আইপিএস সুমনজিৎ রায়কে আইবির আইজিপি (বর্ডার) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পদোন্নতি পেয়ে আইপিএস রশিদ মুনির খান হেড কোয়ার্টারের আইজিপি পদে যোগ দিচ্ছেন।
শহরের নিরাপত্তা ব্যবস্থাতেও বড় রদবদল হয়েছে। কলকাতা এসটিএফের ডিসি প্রদীপকুমার যাদবকে কলকাতার চতুর্থ ব্যাটালিয়নের ডিসি পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অম্লান কুসুম ঘোষ। এছাড়া, কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈনকে কলকাতার ডিসি ট্রাফিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাঁর হাওড়ার ডিসি সেন্ট্রাল হিসেবে আগের বদলির নির্দেশ বাতিল করা হয়েছে।
পাশাপাশি ডব্লিউবিপিএস অফিসারদের ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। রানাঘাটের এসডিপিও সবিতা গোটিয়াল সিআইডির অ্যাডিশনাল এসএস পদে নিযুক্ত হয়েছেন। হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন শৌভনিক মুখোপাধ্যায়। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেনকে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) এবং শ্যামলকুমার মণ্ডলকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, রাজ্যের নিরাপত্তা পরিকাঠামোকে আরও সুসংহত করতেই এই নিয়মিত রদবদল করা হয়েছে।

