উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিজেপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আজ, ১ জুলাই থেকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)। এই প্রকল্পকে রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ সরকারের শীর্ষস্থানীয় আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অন্নপূর্ণা যোজনার উপযুক্ত প্রাপকদের চিহ্নিত করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পৌঁছে দেওয়া হবে। এটি প্রধানমন্ত্রীর দেওয়া গ্যারান্টি বাস্তবায়নের পথে আরও এক বড় পদক্ষেপ।”
প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য আসা আবেদনের মধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে। প্রকৃত যোগ্য প্রাপকদের কাছে যাতে সরকারি সাহায্য পৌঁছায়, সেজন্যই এই কঠিন বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, “ঝাড়াই-বাছাইয়ের পর ১ কোটি ৩০ লক্ষেরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। আজ সকালের মধ্যেই ১ কোটি ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। বাকিদের অ্যাকাউন্টে বিকেলের মধ্যে টাকা পৌঁছে যাবে।”
মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, নিয়মের বাইরে গিয়ে কেউ যেন এই প্রকল্পের সুবিধা না পান, তা কঠোরভাবে নজরদারি করা হবে। যোগ্য উপভোক্তারা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়াই তাদের প্রাপ্য টাকা পান, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মহিলাদের ক্ষমতায়ন এবং তাঁদের আর্থিক স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। নেতাজি ইন্ডোরের আজকের অনুষ্ঠানকে ঘিরে উপভোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

