উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরে (PoK) ফের ভয়াবহ দমনপীড়নের ঘটনা ঘটল। বৃহস্পতিবার ঈদগাহ ময়দানে (Eidgah Floor) শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে গুলি চালালে অন্তত ১৬ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। মাত্র দুই দিন আগে পাক নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন রক্তপাতের ঘটনা এলাকা জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের বিতর্কিত নীতি এবং জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (JAAC) ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এদিন হাজার হাজার নিরস্ত্র মানুষ ঈদগাহ ময়দানে সমবেত হয়েছিলেন। দুদিন আগেই পাক নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত ৩০ জন এবং আহত হওয়া প্রায় ২০০ জনের ন্যায়ের দাবিও শান্তিপূর্ণভাবে জানানো হচ্ছিল এই সমাবেশ থেকে। অভিযোগ, কোনো উস্কানি ছাড়াই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।
গত কয়েকদিন ধরে পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি চরম অস্থির। এর নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। সম্প্রতি জনস্বার্থ রক্ষা ও অর্থনৈতিক দাবির জন্য আন্দোলনকারী সংগঠন JAAC-কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক প্রশাসন। এই সিদ্ধানের বিরোধিতার পাশাপাশি মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ সংকট এবং সরকারি অব্যবস্থাপনার প্রতিবাদে সাধারণ মানুষ পথে নেমেছেন। সেই আবহে দুদিন আগেই ৩০ জনের মৃত্যুর পর এদিন ফের পাক নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৬ জনের মৃত্যুর এই ঘটনা স্বাভাবিক ভাবেই শোরগোল ফেলে দিয়েছে গোটা এলাকা জুড়ে।
