PM Narendra Modi | সংসদে যুক্তির লড়াইয়ের ডাক, অধিবেশন শুরুর আগেই রাহুলকে ‘৫৬ বছরের তরুণ’ বলে খোঁচা মোদির!  

PM Narendra Modi | সংসদে যুক্তির লড়াইয়ের ডাক, অধিবেশন শুরুর আগেই রাহুলকে ‘৫৬ বছরের তরুণ’ বলে খোঁচা মোদির!  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) শুরুর আগে আবারও রাজনৈতিক তর্জায় সরগরম রাজধানী। প্রথা মেনে অধিবেশন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) স্কাইরুট অ্যারোস্পেসের (Skyroot Aerospace) সাফল্যে দেশের যুবশক্তির ভূয়সী প্রশংসা করেন। তবে এই প্রশংসার মাঝেই বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) লক্ষ্য করে এক তীব্র রাজনৈতিক বাণ ছুঁড়ে দেন তিনি।

ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-১’ মহাকাশে সফলভাবে পৌঁছে ইতিহাস গড়েছে। এই প্রসঙ্গে মোদি জানান, স্কাইরুট অ্যারোস্পেসের ওই টিমের সদস্যদের গড় বয়স মাত্র ২৮ বছর। এরপরই প্রধানমন্ত্রী সরাসরি কটাক্ষ করে বলেন, ‘আমি কিন্তু ৫৬ বছর বয়সি তরুণের কথা বলছি না।’ উল্লেখ্য, রাহুল গান্ধি গত জুন মাসেই ৫৬ বছরে পা দিয়েছেন। কংগ্রেস রাহুলকে ‘যুবনেতা’ হিসেবে তুলে ধরলেও, মোদির এই মন্তব্য যে সরাসরি তাঁকেই লক্ষ্য করে, তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের। অতীতে মোদির ‘৫৬ ইঞ্চির ছাতি’ মন্তব্যের পালটা রাহুল গান্ধি বারবার আক্রমণ করেছেন, সেই প্রসঙ্গই ঘুরিয়ে ফিরিয়ে উঠে এল প্রধানমন্ত্রীর এই খোঁচায়।

রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সংসদীয় শিষ্টাচার নিয়েও এদিন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যেখানে তথ্য (information) থাকে, সেখানে হইহট্টগোলের প্রয়োজন পড়ে না। যদি আপনার যুক্তি এবং তথ্য শক্তিশালী হয়, তবে গলা চড়ানোর প্রয়োজন নেই।’ তিনি আশা প্রকাশ করেন, বাদল অধিবেশন যুক্তিপূর্ণ এবং গঠনমূলক আলোচনার সাক্ষী থাকবে।

প্রধানমন্ত্রীর মতে, দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা আজ মহাকাশের মতোই অসীম। ভারতের বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান স্বীকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সাফল্য কেবল কাকতালীয় নয়, এটি দেশের যুবশক্তির সক্ষমতার বহিঃপ্রকাশ।’ অধিবেশন যাতে সুচারুভাবে চলে এবং দেশের কল্যাণে কাজ করে, সেই প্রার্থনা করেই মোদি সমস্ত সাংসদদের সক্রিয় অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *