উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শনিবার পশ্চিমবঙ্গ দিবস (Paschimbanga Divas) উপলক্ষে রাজ্য সফরে এসে তারকেশ্বরের সভামঞ্চ থেকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ১৯৪৭ সালে বাংলাকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার ষড়যন্ত্র রুখে শ্যামাপ্রসাদ কীভাবে রুখে দাঁড়িয়েছিলেন, তা এদিন তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস যখন হাল ছেড়ে দিয়ে বসেছিল, তখন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ হওয়া থেকে রক্ষা করেছিলেন।”
এদিন দুপুরের দিকে দমদম বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী সোজা হেলিকপ্টারে তারকেশ্বরে পৌঁছান। সভামঞ্চে তাঁকে ডোকরার দুর্গামূর্তি, তারকনাথের ছবি, রসগোল্লা ও জলভরা সন্দেশ দিয়ে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবিও।
২০ জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণার নেপথ্য কারণ ব্যাখ্যা করে মোদি জানান, ১৯৪৭ সালের এই দিনেই বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাস হয়েছিল। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থাকবে।” এ বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
তারকেশ্বরের সভাস্থল সাজিয়ে তোলা হয়েছিল বাংলার ঐতিহ্যের আদলে। দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, কলকাতার হলুদ ট্যাক্সি ও হাতে টানা রিক্সার প্রতিচ্ছবি মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছিল। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। সকালে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিল্প ও বিজ্ঞানে রাজ্যের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান।

