ফাঁসিদেওয়া: বিশ্বকর্মাপুজোর রাতে স্ত্রী-সন্তানকে প্রসাদ খাইয়ে বাড়িতে রেখে বাইরে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়িতে ফেরা হল না। বৃহস্পতিবার মিলল তরুণের মৃতদেহ। এই মৃত্যুকে কেন্দ্র রহস্য দানা বেঁধেছে ফাঁসিদেওয়ায় (Phansidewa)।
মৃত তরুণের নাম ধনঞ্জয় মল্লিক (৩৩)। বাড়ি পূর্ব দুন্দিয়াজোত এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে শৈলানিজোত এলাকায় একটি বাড়ির পাশে তাঁকে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর ধনঞ্জয়কে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক ধনঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের ভাই শংকর মল্লিক বলেন, ‘দাদার মোবাইলও দূরে পড়েছিল।’ অন্যদিকে, ধনঞ্জয়ের বোন উর্মিলা সরকার অনুমান, তাঁর দাদাকে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় খুনের অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি৷ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
