লাহোর : আইপিএল নিলামে নাম লিখিয়েও কোনও দলে জায়গা হয়নি। এরপর ড্রাফটিংয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশকে দলে নেয় পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। তবে পিএসএল শুরুর আগেই পাকিস্তান ছেড়ে ভারতের পথ ধরেন তিনি। নাম লেখান আইপিএলে। তার জেরেই কর্বিনকে আইনি নোটিশ ধরাল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চোটের কবলে পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার লিজাড উইলিয়ামস। তাঁর পরিবর্তেই বশকে নেওয়া। এদিকে এবার আইপিএল এবং পিএসএল একই সময় চলবে। কাজেই পেশোয়ারের ফ্র্যাঞ্চাইজিটিকে না জানিয়েই কীভাবে মুম্বই ইন্ডিয়ান্সে নাম লেখালেন, আইনি চিঠির মাধ্যমে কর্বিনের কাছে সেই প্রশ্নের উত্তরই জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না মিললে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে পিসিবি।
