Patiram | শীতের শুরুতেই গ্রামে গ্রামে মাষকলাই ডালের বড়ি তৈরির ধুম, ঐতিহ্যের স্বাদে মাতোয়ারা পতিরাম–কুমারগঞ্জ

Patiram | শীতের শুরুতেই গ্রামে গ্রামে মাষকলাই ডালের বড়ি তৈরির ধুম, ঐতিহ্যের স্বাদে মাতোয়ারা পতিরাম–কুমারগঞ্জ

শিক্ষা
Spread the love


পতিরাম: শীত পড়তেই দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) পতিরাম ও কুমারগঞ্জের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে শুরু হয়েছে মাষকলাই ডালের বড়ি তৈরির পুরনো ঐতিহ্য। বছরের এই সময়টিতেই গ্রামের মহিলারা সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন বড়ি বানানোর কাজে। সূর্যের মিঠে আলো আর শৈত্যপ্রবাহের আবহাওয়া বড়ি তৈরির জন্য উপযুক্ত হওয়ায় বহু পরিবারে চলছে এই জনপ্রিয় বাঙালি খাদ্যের প্রস্তুতি।

বড়ি তৈরির মিশ্রন

মাষকলাই ডালের বড়ি শুধু একটি খাবার নয়, গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। মাষকলাই ডাল সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে নেওয়া হয়। তার সঙ্গে মেশানো হয় পাকা চাল কুমড়ো বাটা ও নানান উপাদান। এরপর হাতে ছোট ছোট আকারে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়। কয়েকদিন রোদে শুকানোর পরই তৈরি হয়ে যায় সুস্বাদু বড়ি, যা সারা বছরই বিভিন্ন সবজিতে ব্যবহার করা হয়।

এই বড়ির স্বাদ যেমন অনন্য, তেমনই পুষ্টিগুণে ভরপুর। প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, শর্করা ও ভিটামিন সমৃদ্ধ এই খাবার সহজপাচ্য হওয়ায় সকলের জন্যই উপযোগী। বিশেষজ্ঞদের মতে, মাষকলাই ডালের বড়ি হৃদযন্ত্র সুস্থ রাখতে, হজমশক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা রাখে। আলু, শিমের বিচ বা নানা ধরনের সবজির সঙ্গে বড়ির ঝোল বাংলার ঘরে ঘরে জনপ্রিয়।

ডালের বড়ি

গ্রামবাংলার নারীদের হাতে তৈরি এই বড়ি এখন বাজারেও চাহিদাসম্পন্ন। এক কেজি বড়ির দাম আড়াইশো থেকে তিনশো টাকা। ফলে অনেকেই বাড়তি আয়ের সুযোগ পান শীতকালে। পতিরামের বাসিন্দা সঞ্চিতা সরকার জানান, ‘প্রতি বছর শীতের সময় বড়ি তৈরি করি। দু’দিন আগেই এবছরের বড়ি বানিয়ে ফেললাম। এই বড়ি দিয়ে যেকোনো খাবারের স্বাদ অনেক বেড়ে যায়।’

শীতের রোদে উঠোনজুড়ে সারি সারি বড়ি শুকোতে দেখা যায় এখন বহু বাড়িতে। কাজ করতে করতে আড্ডায় মাতেন মহিলারা—একদিকে রোজগারের সুযোগ, অন্যদিকে ঐতিহ্য ধরে রাখার আনন্দ। এ যেন এক সামাজিক উৎসব, যা বাংলার গ্রামজীবনের অঙ্গ হয়ে আছে চিরকাল।

মাষকলাই ডালের বড়ি তৈরির এই রীতি আজও অমলিন। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ধরে রাখা এই ঐতিহ্য শুধু স্বাদ নয়, গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করে। শীত নামলেই তাই গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে বড়ি তৈরির সুবাস—যা বাঙালির রান্নাঘরকে করে তোলে আরও সমৃদ্ধ ও ঐতিহ্যময়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *