উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসএসসি কাণ্ডে তথা নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনে মুক্তি পাওয়ার পর বুধবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন পার্থ। সেই চিঠিতে জানান, বিধানসভার শীতকালীন অধিবেশনে তিনি যোগ দিতে চান। এবার পার্থ চট্টোপাধ্যায় ফোন করলেন কুণাল ঘোষকে।
এদিন টেলিফোনে কুণালকে কী বললেন প্রাক্তণ শিক্ষামন্ত্রী? জানা গিয়েছে, কুণাল ঘোষের পায়ে অস্ত্রোপচারের পরে খোঁজ নিতেই ফোন করেন তিনি। সেখানেই ওঠে রাজনীতি সহ নানান প্রসঙ্গ। সেই ফোনালাপেই পার্থ কুণাল ঘোষকে বলেন, “বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমাকে সবাই ভুল বুঝলে। আমি এতটা খারাপ নই।”
এদিনের ফোনালাপ সম্পর্কে কুণাল ঘোষ বলেন, “আমার অসুস্থতার ব্যাপারে জানতে চেয়ে ফোন করেছিলেন। একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আবেগঘন হয়ে তিনি কিছু কথা বলেছেন।”
