উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত বিদায়ের পালা চলে এসেছে? এমনটা মাথায় আসলেও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যজুড়ে এখনও বজায় রয়েছে ঠান্ডার আমেজ। তবে আবহাওয়াবিদদের মতে, এটিই শীতের ‘সেকেন্ড ইনিংস’। হাড়কাঁপানো কনকনে ঠান্ডা না ফিরলেও, সকাল-রাতে শীতের পরশ আর দিনের বেলার রোদেলা গরম, এই দুইয়ের লুকোচুরিতেই কাটছে বাংলার দিনকাল (Climate Replace)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) সর্বত্রই আগামী কয়েকদিন কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে রয়েছে কুয়াশার হলুদ সতর্কতা। দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। তবে পাহাড়ে ঠান্ডার দাপট এখনও অটুট; দার্জিলিংয়ে মঙ্গলবার পারদ নেমেছিল ৪.৪ ডিগ্রিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৭ দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য বেশ স্পষ্ট। তবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী এক সপ্তাহ আবহাওয়ার বড়সড়ো বদল হবে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে তাপমাত্রা সামান্য কমলেও নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কার্যত নেই।
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই বিদায় নিতে পারে শীত। আগামী ৭ দিন আবহাওয়া শুষ্ক থাকলেও তারপর থেকেই চড়চড় করে বাড়তে শুরু করবে পারদ। অর্থাৎ, বসন্তের আগমনের আগেই শীতের ইনিংস শেষের পথে।
