পলাশবাড়ি: আলিপুরদুয়ার ১ ব্লকের (Alipurduar) পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের নিউরোড গ্রামে বন্ধ হওয়া পুজোর হাল ধরেছেন মহিলারা। স্বপ্নাদেশে এক বাড়িতে শুরু হয়েছিল পুজো (Durga Puja 2025)। সেই বাড়িতে দশ বছর পুজো হয়। কিন্তু দু’বছর আগে বাড়ির কর্তা নিতাই সরকার মারা যান ঠিক পুজোর সময়। গতবার থেকে গ্রামের মহিলারা সর্বজনীনভাবে সেই পুজো শুরু করেন। এবার নিউরোডের মহিলারা সরকারি অনুদানও পেয়েছেন। তাই এবারে যেন পুজোর আনন্দ দ্বিগুণ। শনিবার পঞ্চমী তিথিতে পুজোর ঘট বসতেই শিশু, কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে উলটপুরাণ পাশের গ্রাম বালাসিপাড়ায়। সেখানে এবার মা দুর্গার পুজো হচ্ছে না। গতবারের মতো এবারও বালাসিপাড়ায় শুধু ঘট পুজো করবেন মহিলারা। এমন হওয়ার কারণ কি? খোঁজ নিয়ে জানা গেল, নথিপত্র ঠিক নেই, তাই মেলেনি সরকারের তরফে পুজোর অনুদান। গ্রামের অধিকাংশ বাসিন্দারা দিনমজুর। তাঁরা মোটা অংকের চাঁদাও দিতে পারেন না। সেকারণেই এবার আর ঢাকের আওয়াজ শোনা যাবে না বালাসিপাড়ায়।
একদিকে নিউরোড, অন্যদিকে বালাসিপাড়া। দুই গ্রামের সীমানা বুড়িতোর্ষা নদী। আগামীকাল থেকে যখন এক গ্রামে ঢাকের আওয়াজ, পুজোর মন্ত্রে চারদিক গমগম করবে, ঠিক উলটো পাশের গ্রামে তখন থাকবে বিষাদের সুর। তাই তো মনে একরাশ দুঃখ নিয়ে বালাসিপাড়ার মানুষগুলির একটাই প্রার্থনা, ‘এবারের মতো ক্ষমা করো মা। আগামী বছর তোমায় যেন সপরিবারে বরণ করতে পারি।’
