উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ফের জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি করে চালাল পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সোমবার মধ্য রাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাক সেনা বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে। পালটা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও। এনিয়ে টানা ১২দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
পহলগামে জঙ্গি হামলার পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় রয়েছে উত্তেজনা। উভয়পক্ষের তরফে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে। তার পরই পাক সেনা প্রথমে উত্তর কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুলা জেলায় ভারতীয় পোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালায়। পুঞ্চ, আখনুরেও একই ঘটনা ঘটে।
গত কয়েকদিনে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের সীমান্ত এলাকায় পাক সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাগাতার গুলি চালিয়েছে। সোমবার রাতেও একই ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল নিয়েছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে সেই সুযোগে জঙ্গিদের ফেরাতে চাইছে তারা। সেটা বুঝে সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনীও। গুলির জবাব গুলিতেই দিচ্ছে তারা।
