উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan Airstrikes in Afghanistan)। এবার সেই হামলাকে ‘বেপরোয়া আগ্রাসন’ (Blatant Aggression) এবং আঞ্চলিক শান্তির জন্য ‘মারাত্মক হুমকি’ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানাল ভারত (India)। রবিবার গভীর রাতে পাকিস্তানের চালানো এই হামলায় নারী ও শিশু সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি আফগান প্রশাসনের।
ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপ আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ভারতের মতে, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতেই পাকিস্তান প্রতিবেশী দেশের মাটিতে এই ধরণের সহিংসতা চালাচ্ছে। এই ঘটনাকে পাকিস্তানের ‘বেপরোয়া আচরণের পুনরাবৃত্তি’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
India strongly condemns air-strikes by Pakistan on Afghan territory
🔗 https://t.co/1mONzLsCU4 pic.twitter.com/IDqzhgwPP2
— Randhir Jaiswal (@MEAIndia) June 29, 2026
অন্যদিকে, কাবুলের তালিবান সরকারের দাবি, পাকিস্তানের ‘ডবল ট্যাপ’ বিমান হামলায় পাকতিয়া, পাকতিকা এবং খোস্ত—এই তিন প্রদেশে ৩৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং ১৬৩ জন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকাজ চলাকালীন দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক নীতিবিরোধী।
ইসলামাবাদ অবশ্য দাবি করেছে, করাচিতে সাম্প্রতিক এক জঙ্গি হামলার বদলা নিতেই এই অভিযান চালানো হয়েছে। পাকিস্তান সরকারের দাবি, এই হামলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) শাখা সংগঠন ‘জামাত-উল-আহরার’-এর বহু জঙ্গি নিহত হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের মাটিতে কোনও জঙ্গিঘাঁটি নেই এবং নিহতেরা সকলেই নিরীহ সাধারণ মানুষ।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। সাম্প্রতিক এই সামরিক অভিযান সীমান্ত অঞ্চলে উত্তেজনাকে চরমে নিয়ে গেছে। আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের এই পদক্ষেপ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

