উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সলমন খানের ‘বালোচিস্তান’ মন্তব্যে ফুঁসে উঠল প্রতিবেশি পাকিস্তান(Pakistan)। এমনকি সলমন খানকে ‘জঙ্গি’ তকমা দিয়ে সেদেশে তালিকাভুক্তও করা হয়েছে। কিন্তু ভাইজানের উপর হটাৎ কেন এত খাপ্পা হয়ে উঠল শেহবাজ শরিফের দেশ। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াধে জয় ফোরাম ২০২৫ নামে একটি অনুষ্ঠানে যোগ দেন সলমন-আমির ও শাহরুখ। সেখানেই সলমন খান ভারতীয় সিনেমা নিয়ে বলতে গিয়ে পাকিস্তান(Pakistan) ও বালোচিস্তানের নাম আলাদা করে বলেন। তিনি বলেন, ‘সৌদি আরবে ভারত-সহ অন্যান্য দেশের এত মানুষ থাকেন, এখানে ভারতীয় সিনেমা মুক্তি পেলে তা ব্যাপক জনপ্রিয়তা পায়।’ কোন কোন দেশের মানুষ সৌদিতে থাকেন, তা নিয়ে বলতে গিয়েই বালোচিস্তান-পাকিস্তানকে আলাদা করে বলেছিলেন সলমন। এমন মন্তব্যেই আপত্তি পাকিস্তানের। কেন বালোচিস্তানের থেকে তাদের আলাদা করে দেখানো হয়েছে, তাই নিয়েই তেলেবেগুনে জ্বলে ওঠে তারা।
এরপরই সলমনের নাম অ্যান্টি টেরোরিজ়ম অ্যাক্ট (১৯৯৭)-এর চতুর্থ তফসিলের অন্তর্ভুক্ত করে দেয় পাকিস্তান। যাদের ইসলামাবাদ জঙ্গি তকমা দিয়ে থাকে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এর জেরেই জঙ্গি তকমা দেওয়া হয়েছে সলমনকে। এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় পাকিস্তানে যেতে পারবেন না সলমন। পাশাপাশি তার কাজকর্মের উপরেও নজর রাখবে প্রতিবেশী দেশ। এমনকি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে পারে পাকিস্তান।
উল্লেখ্য বালোচিস্তান প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পাক প্রশাসনের তুমুল লড়াই চলছে। বালোচ যোদ্ধারা নিজেদের পাকিস্তান থেকে স্বতন্ত্র বলে দাবি করেছে। যদিও এই দাবি এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
