উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অপারেশন সিঁদুর (Operation Sindoor) চলাকালীন পাকিস্তানের (Pakistan) সারগোধার কাছে কিরানা হিলসে (Kirana Hills) অবস্থিত পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ভারত? এনিয়ে চলা দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন ভারতের প্রাক্তন সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান (Ex CDS Anil Chauhan)।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, ভারত ইচ্ছাকৃতভাবে কিরানা হিলস বা সেখানকার কোনও স্পর্শকাতর পরমাণু পরিকাঠামোয় হামলা চালায়নি। মূলত পাকিস্তানের রাডার ব্যবস্থার ওপর নজরদারি চালাতে ভারত একটি ঘাতক ড্রোন পাঠিয়েছিল ওই অঞ্চলে। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যবস্তু না পেয়ে জ্বালানি শেষ হওয়ার পর ওই পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে ড্রোনটি। তাঁর কথায়, ‘পাকিস্তানি সংবাদমাধ্যমে এমন কিছু ছবি দেখানো হয়েছিল, যেখানে কিরানা হিলস থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। তবে সেটি কোনও পরিকল্পিত হামলা ছিল না।’
প্রাক্তন সিডিএস জানান, অপারেশন সিঁদুরের কৌশলগত অংশ হিসেবে ভারত নিম্ন আকাশসীমা (decrease airspace) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। এতে যুদ্ধের তীব্রতা নিয়ন্ত্রণে রেখেও আকস্মিক আঘাত ও সাফল্য নিশ্চিত করা সম্ভব হয়। তিনি আরও জানান, ১০ মে সকালে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করার পরেও ভারত তার আক্রমণাত্মক রণনীতি বজায় রেখেছিল। ভারতের মূল লক্ষ্য ছিল সংঘাতের শেষ আঘাতটি যেন ভারতের পক্ষ থেকেই আসে।
জেনারেল চৌহান আরও প্রকাশ করেন যে, যুদ্ধের পর পাকিস্তান নিজেদের হামলার সাফল্য প্রমাণের জন্য দিশেহারা হয়ে পড়েছিল। কোনও লক্ষ্যবস্তুতে তারা আঘাত করতে কি না তা জানতে ১২ মে পর্যন্ত আমেরিকা ও চিনের বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রের ওপর ভরসা করার চেষ্টা করেছিল তারা। কিন্তু তাদের কোনও হামলা সফল না হওয়ায় চূড়ান্ত প্রমাণ পেতে ব্যর্থ হয় ইসলামাবাদ। এই অভিযানে ভারতের অভূতপূর্ব সাফল্যের পেছনে সেনার তিন বাহিনীর চমৎকার সমন্বয়, সুনির্দিষ্ট রাজনৈতিক দিকনির্দেশনা এবং বাস্তব সময়ের সঠিক তথ্য পাওয়ার সুবিধাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন প্রাক্তন সিডিএস।

