North Bengal Tea | চাহিদার শেষ নেই! মুম্বইয়ের টি-ইনোভেশন এক্সপোতে আলোড়ন তুলল উত্তরবঙ্গের চা

শিক্ষা
Spread the love


নাগরাকাটা: টি-এক্সপোর আসর মাত করে দিল উত্তরবঙ্গের ‘তিস্তা’! টি বোর্ডের উদ্যোগে মুম্বই (Mumbai)-তে আয়োজিত দু’দিনের ‘ইন্ডিয়ান টি ইনোভেশন এক্সপো’তে নজিরবিহীন সাড়া পেল উত্তরবঙ্গের (North Bengal Tea) ক্ষুদ্র চা চাষীদের এই ব্রান্ডের চা। ময়নাগুড়ির জামতলা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্পেশাল ক্যাটিগোরির ‘হোয়াইট টি’ বিক্রি হল ৭৫ হাজার কিলো গ্রাম দরে। সমবায়ের ভিত্তিতে ক্ষুদ্র চা চাষীদের মাধ্যমে চলা দেশের অন্যতম বৃহৎ ‘জয় জল্পেশ স্বনির্ভর গোষ্ঠী’র ফ্যাক্টরিতে উৎপাদিত সিটিসি চা-এর চাহিদা এতটাই ছিল যে, সব ক্রেতাদের আর চাহিদা মতো চা দিয়েই উঠতে পারেন নি তাঁরা। কারণ তার আগেই সবটা শেষ হয়ে যায়।

শনিবার থেকে শুরু হওয়া এক্সপোর এদিন ছিল শেষ দিন। আর এই এক্সপোর গতিপ্রকৃতি দেখে সংশ্লিষ্ট মহলের মত, উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষীদের কাছে মহারাষ্ট্র, গুজরাট-এর মত চা প্রেমী রাজ্যগুলি বাণিজ্যের নয়া ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, মুম্বইতে এদিন সেখানকার বড় চা বিক্রেতাদের সাথে আমাদের একটি বৈঠকও হয়েছে। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষীদের চা কেনা নিয়ে তাঁদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া মিলেছে। টি বোর্ডের এই ধরনের কর্মসূচী এক কথায়  বাণিজ্য সম্প্রসারণে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে। গুজরাট, রাজস্থান, দিল্লির মত স্থানগুলিতেও এমন এক্সপো হওয়া উচিৎ।

জয় জল্পেশ ফ্যাক্টরির সভাপতি রজত রায় কার্জী বলেন, আমাদের সিটিসি-র এতটা চাহিদা থাকবে আগে কল্পনা করা সম্ভব হয়নি। ভবিষ্যতের সম্ভাবনাময় বাজার হিসেবে এবার পশ্চিম ভারত সহ উত্তর ভারতের দিকে নজর দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আশা করছি টি বোর্ডের সর্বাত্মক সহযোগিতা মিলবে।

টি বোর্ডের সহযোগিতাতেই নিজেদের হাতে তৈরি তিস্তা ব্যান্ড-এর চা নিয়ে দেশের বাণিজ্য নগরীতে গিয়েছিল জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারের ৭ ক্ষুদ্র চাষী। মুম্বই-এর ঘাটকোপার পশ্চিম আর সিটি মলে আয়োজিত ওই এক্সপোতে উত্তরের ওই ক্ষুদ্র চা চাষীরা হোয়াইট, ওলং, অর্থোডক্স, গ্রীন, ব্লু-র মত বিশেষ ধরনের চা নিয়ে যান। সমবায়ের ভিত্তিতে চলা দেশের সবচেয়ে বড় চা ফ্যাক্টরি ময়নাগুড়ির জয় জল্পেশ নিয়ে গিয়েছিল তাঁদের বিশেষ সুগন্ধী সিটিসি চা। এর আগে গত অগাস্ট মাসে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষীরা দিল্লীতেও একটি আন্তর্জাতিক চা মেলায় অংশ নিয়েছিলেন। সেখানে জামতলা ফার্মাস প্রোডিউসার্স অর্গানাইজেশন-এর মহিলা ক্ষুদ্র চা চাষীদের হ্যান্ড মেড হোয়াইট টি কিলো প্রতি ৭৫ হাজার টাকায় বিকোয়। জনৈক আমেরিকান ক্রেতা সেই চা কেনেন।

সংশ্লিষ্ট সূত্রেই জানা যাচ্ছে বর্তমানে উত্তরবঙ্গের মোট চা উৎপাদনের শতকরা ৬৯ শতাংশই আসছে ক্ষুদ্র চা চাষীদের কাঁচা পাতা থেকে। এখন নিজেদের বাড়িতে ওই চাষীরা স্পেশাল চা তৈরিতে নেমেছেন। ক্রেতাদের কাছ থেকে ভাল সাড়াও মিলতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *