উত্তরবঙ্গ ব্যুরো: নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুটছেন বিজেপি কর্মীরা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন তাঁরা।
সোমবার মালদা জেলা জুড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পথ অবরোধ করে বিজেপির নেতাকর্মীরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি রতন দাস ও বিজেপি নেতা প্রশান্ত পাল।
সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে একই ইস্যুতে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব। সোমবার সন্ধ্যা নাগাদ গঙ্গারামপুরে বিজেপির বিধায়ক কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপশিলি মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সনাতন কর্মকার সহ গঙ্গারামপুর শহর, গ্রামীণ এবং জেলা নেতৃত্ব।
একই কারণে সোমবার সন্ধেয় মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায় পথ অবরোধ করে বিজেপি নেতাকর্মীরা৷ টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ৷ প্রায় ৩০ মিনিট অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় শহরের প্রাণকেন্দ্রে৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের ধস্তাধস্তিও হয়৷
