North Bengal | পাহাড়ে দুর্যোগের মেঘ! কোথায় কত পর্যটক, খোঁজ প্রশাসনের

North Bengal | পাহাড়ে দুর্যোগের মেঘ! কোথায় কত পর্যটক, খোঁজ প্রশাসনের

খেলাধুলা/SPORTS
Spread the love


সানি সরকার, শিলিগুড়ি: কোথায় কত পর্যটক, তাঁরা আছেন কেমন- খোঁজ নিচ্ছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুধু কন্ট্রোল রুম খোলা বা হেল্পলাইন নম্বর চালু নয়, বৃষ্টি-ধসে কোথাও যাতে পর্যটক আটকে বা সমস্যায় না পড়ে, তার জন্য তথ্য সংগ্রহে জোর দিল প্রশাসন (North Bengal)। পাশাপাশি শুরু হয়েছে নতুন করে ধসপ্রবণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি নিয়মিত রাস্তায় নজরদারি। আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে প্রশাসনিক সূত্রে খবর। দার্জিলিংয়ের অতিরিক্ত জেলা শাসক (প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা) সুরেশকুমার জগৎ বলেন, ‘পর্যটকদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের সমস্তরকম সহায়তা করতে আমরা তৈরি। তাঁরা যাতে নিজেদের প্রয়োজনীয়তার কথা আমাদের জানান, সেই অনুরোধও পর্যটকদের কাছে রাখা হয়েছে।’

২৪ ঘণ্টা না যেতেই ফের আকাশের রং কালো। যথারীতি দুপুরের হালকা রোদ উধাও হয়ে শুরু হয়েছে বৃষ্টি। কোথাও কোথাও ভারী বৃষ্টি। আর তাতে শনিবার নতুন করে দুর্যোগের ঘনঘটা। পর্যটকদের আটকে পড়ার আশঙ্কা। এমন পরিস্থিতিতে পর্যটকদের আশ্বস্ত করতে নতুন খোঁজ শুরু করল জেলা প্রশাসন। কোন হোটেলে কত পর্যটক রয়েছে, হোমস্টেগুলিতে পর্যটকের সংখ্যা কেমন, তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না, খোঁজ নেওয়া শুরু হয়েছে প্রশাসনের তরফে। এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্টেকহোল্ডাররা। কালিম্পং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিদ্ধান্ত সুদ বলছেন, ‘আমাদের তরফে সমস্ত কিছুই প্রশাসনকে জানানো হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যাতে পর্যটকরা কোনও সমস্যায় না পড়েন, সেদিকে আমাদের নজর রয়েছে।’

প্রশাসনিক সূত্রে খবর, অফবিট এলাকাগুলির রাস্তা পরিস্থিতির খোঁজও নেওয়া হচ্ছে। যে রাস্তাগুলি যান চলাচলের পক্ষে অনুপযুক্ত, তা দ্রুত মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে প্রয়োজনে দ্রুত পর্যটকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। ধসপ্রবণ এলাকাগুলিতে পর্যটকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নজর রাখা হচ্ছে এমন এলাকাগুলিতেও। কোথাও ধস পড়লে দ্রুত যাতে ধসের মাটি-পাথর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা যায়, তার জন্য প্রশাসনের তরফে বিশেষ দল গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক বলছেন, ‘যাঁদের পাহাড়ে বেড়াতে আসার পরিকল্পনা রয়েছে, তাঁরা যাতে রাস্তা এবং আবহাওয়া পরিস্থিতির খোঁজ নিয়ে আসেন, সেই অনুরোধ আমাদের তরফে করা হয়েছে। একজন পর্যটকও যাতে সমস্যায় না পড়েন, সেদিকে প্রশাসন নজর রাখছে।’

আবহাওয়ার পূর্বাভাস, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ থেকে এখনই দুর্যোগ বিদায় নিচ্ছে না। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ জেলায়। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে লাল সতর্কতা। কালিম্পং, দার্জিলিং ও কোচবিহারে যথারীতি কমলা সতর্কতা। সোমবার থেকে কিছুটা হলেও পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *