Nishiganj | তৃণমূলের উলটো সুর গ্রেটার নেতার গলায়! এসআইআরের পক্ষে বংশী

Nishiganj | তৃণমূলের উলটো সুর গ্রেটার নেতার গলায়! এসআইআরের পক্ষে বংশী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নিশিগঞ্জ: রাজ্যে এসআইআর এখন আলোচনার মূল বিষয়। এসআইআর হলে কী হবে, কেন হবে, তা নিয়ে তর্জা চলছে পাড়ার চায়ের দোকান থেকে সর্বত্র। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এনআরসির বিপক্ষে সুর চড়িয়েছে। এর মধ্যে মঙ্গলবার বিকেলে এনআরসি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর (এসআইআর) পক্ষে সওয়াল করতে শোনা গেল গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে। এসআইআর নিয়ে রাজবংশীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেই তাঁর মত।

সোমবার এসআইআর নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি হওয়ার আগে থেকেই তৃণমূল নেতৃত্ব এর বিরোধিতা করেছে। একজন প্রকৃত ভোটারের নাম বাদ গেলে তৃণমূল ছেড়ে কথা বলবে না, এমনও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখানে রাজ্য সরকারের রাজবংশী কালচারাল এবং ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা বংশীবদন বর্মনের গলায় সম্পূর্ণ উলটো সুর। বংশীর কথায়, ‘এসআইআর বা এনআরসি হলে ভূমিপুত্র রাজবংশীদের ভয়ের কোনও কারণ নেই। অভূমিপুত্র বা বিদেশি নাগরিকদের সমস্যা হলে বিষয়টা তাঁরা বুঝবেন। ভারতীয় সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন নিরপেক্ষ ভোট করানোর জন্য এসআইআর করে থাকে। মৃত ও অবৈধ ভোটার বাদ দিতেই এটা করা হয়ে থাকে।’

এদিন বিকেলে নিশিগঞ্জ নেতাজি সুভাষ সদনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তরফে ‘রাজবংশী ভাষা দিবস’ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন বংশীবদন। অনুষ্ঠানে অবশ্য উপস্থিত গ্রেটার নেতারা রাজবংশী ভাষা এবং কৃষ্টির গুরুত্বকে সামনে রেখে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। বংশী বলেন, ‘আন্দোলন করার ফলেই রাজ্য সরকার রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে। সরকারি উদ্যোগে রাজবংশী ভাষা দিবস পালন হচ্ছে। বীর চিলারায়ের জন্মদিনটিকে সরকারি ছুটির দিন ঘোষণার দাবি পূরণ করতেও আন্দোলন করতে হবে।’ এই আন্দোলনের মাধ্যমেই রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলভুক্ত করে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি আদায় করতে হবে বলে তিনি জানান।

বংশীর বক্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বললেন, ‘গ্রেটার নেতা কী বলছেন, জানি না। তৃণমূলের অবস্থান এক্ষেত্রে স্পষ্ট। এসআইআর করে কোনও বৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দিলে আমরা বসে থাকব না। আর এনআরসি সোজাপথে হোক বা ঘুরপথে কোনওভাবেই এরাজ্যে কার্যকর হতে দেওয়া হবে না।’

এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের রাজবংশীমাধ্যমের স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশুতোষ বর্মা বলেন, ‘বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা রাজবংশী স্কুলগুলোর মধ্যে দিয়ে ভাষা ও কৃষ্টি-সংস্কৃতির উন্নতি করতে হবে।’ রাজবংশী কালচারাল ও ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান গিরিজাশংকর রায়ও ভাষাচর্চার মধ্যে দিয়ে রাজবংশী শব্দভাণ্ডারকে বাঁচানোর কথা বললেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *