উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভুটান সফরে (Bhutan) যাওয়ার পথে খারাপ আবহাওয়ার জন্য বিপাকে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এজন্য তাঁকে সফর বাতিল করে দিল্লি ফিরে যেতে হয়।
বৃহস্পতিবার দুপুরে তীব্র ঘূর্ণাবর্ত ও ভারী বৃষ্টির জেরে তাঁর বিমান শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান বন্দর সংলগ্ন একটি হোটেলে তিনি রাতে থাকেন।
নির্মলার বিমানটি গতকাল ভুটানের থিম্পুর উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘ, বজ্রবিদ্যুৎ ও প্রবল দমকা হাওয়া শুরু হয়। নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটিকে বাগডোগরায় নামিয়ে আনেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জরুরি প্রটোকল চালু করে যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, নির্মলা সীতারমন সম্পূর্ণ নিরাপদ আছেন। আবহাওয়া অনুকূল না হওয়ায় তাঁর সফরসূচিতে আপাতত পরিবর্তন করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি চলছে। ঘন মেঘের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। ভুটান ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রুটে বিমান পরিষেবা আপাতত স্থগিত করা হয়েছে।
নির্মলার এই ভুটান সফরের লক্ষ্য ছিল দুই দেশের আর্থিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। থিম্পুতে ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী দাশো চেরিং তোবগের সঙ্গে নির্মলার বৈঠক করার কথা ছিল। ওই আলোচনার মূল বিষয়গুলি হল হাইড্রো পাওয়ার, ডিজিটাল পেমেন্ট, টেকসই উন্নয়ন ও পর্যটন খাত।
এছাড়াও ভুটানে গিয়ে নির্মলার ভারত সমর্থিত বিভিন্ন প্রকল্প যেমন কুরিচ্ছু জলবিদ্যুৎ প্রকল্প, গ্যালসুং একাডেমি এবং পুনাখা জং পরিদর্শন করার কথা রয়েছে। সেখানকার স্থানীয় বাজারে তিনি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহারের লাইভ প্রদর্শনও দেখবেন। অর্থমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভারত-ভুটান সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
