NIA Police Station | পশ্চিমবঙ্গে এনআইএ থানা! নিউ টাউনের এনবিসিসি ভবন থেকেই পরিচালিত হবে সমস্ত তদন্ত

NIA Police Station | পশ্চিমবঙ্গে এনআইএ থানা! নিউ টাউনের এনবিসিসি ভবন থেকেই পরিচালিত হবে সমস্ত তদন্ত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে থানা পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (NIA Police Station)। গত সপ্তাহেই রাজ্য মন্ত্রীসভায় এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন মিলেছিল। আর এরপরই বৃহস্পতিবার নবান্নের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে এই থানা গঠনের কথা ঘোষণা করা হলো। এর ফলে দীর্ঘদিনের প্রশাসনিক জট কেটে রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থার নিজস্ব তদন্তের পথ আরও প্রশস্ত হলো।

দিল্লির প্রধান কার্যালয়ের পাশাপাশি দেশের মুম্বই, চেন্নাইয়ের মতো বড় মেট্রোপলিটন শহরের পাশাপাশি রাঁচি, কোচি বা ইম্ফলের মতো অপেক্ষাকৃত ছোট শহরগুলিতেও দীর্ঘদিন ধরেই নিজস্ব এনআইএ থানা রয়েছে। মূলত বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড ও গুরুতর মামলার তদন্তের সুবিধার জন্যই এই থানাগুলি কাজ করে থাকে। কিন্তু এতদিন কলকাতায় এনআইএ-র কোনো নিজস্ব থানা না থাকায় পশ্চিমবঙ্গের সমস্ত মামলার ক্ষেত্রে দিল্লি থেকে এফআইআর (FIR) দায়ের করতে হতো সংস্থাকে। এর ফলে তদন্তের গতিপ্রকৃতিতেও নানা জটিলতা তৈরি হতো। অবশেষে সেই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হলো।

নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে কলকাতার নিউ টাউনের এনবিসিসি (NBCC) ভবনে এনআইএর যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, তার ১৬ তলাতেই এই নতুন থানাটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। এখন থেকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মামলার এফআইআর এবং তদন্তের নথি এই নিউ টাউনের থানা থেকেই পরিচালিত হবে। রাজনৈতিক মহলের মতে, ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তদন্তের মধ্য দিয়ে এ রাজ্যে এনআইএর তৎপরতা শুরু হয়েছিল। তার প্রায় ১২ বছর পর অবশেষে রাজ্যে নিজস্ব থানা পেল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলেও রাজ্যে এনআইএ থানা গড়ার প্রস্তাব নিয়ে বিস্তর আলোচনা চললেও বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের কারণে তা বাস্তবায়নের মুখ দেখেনি। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের মন্ত্রীসভার বৈঠকে গত ২২ জুলাই এনআইএ থানা গঠনের এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সম্প্রতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র পশ্চিমবঙ্গ সফরে রাজ্যের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। ঠিক তারপরই রাজ্য সরকারের এই ত্বরান্বিত পদক্ষেপে এনআইএ থানা গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *