সানি সরকার, শিলিগুড়ি: বৃষ্টি শুরুতেই বিপর্যয়। আশঙ্কা সত্যি করে ফের স্তব্ধ হয়ে গেল সিকিম-বাংলার লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। গত কয়েকদিন ধরে চলা লাগাতার বর্ষণে জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে বলে খবর। পরিস্থিতি যা, তাতে নতুন করে রাস্তাটি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাহাড়ে বৃষ্টির জেরে শনিবার নতুন করে ধস নামে ১০ মাইলের তারখোলা এলাকায়। পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের মধ্যে গাড়ি চলাচল করলেও, শ্বেতিখোলায় রাস্তা অনেকটাই গিলে খেয়েছে তিস্তা। ফলে জায়গাটি বিপজ্জনক হয়ে রয়েছে। যে কোনও সময় রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে, তিস্তায় জল বাড়তে শুরু করেছে।
