Nepal Flash Flood | বিপর্যয়ের সময় সাহায্যের হাত বাড়িয়েছে ভারত, ধন্যবাদ জানালেন নেপালের প্রেসিডেন্ট

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটেকোশী নদীতে নেমে আসা বিধ্বংসী হড়পায় তছনছ হয়ে গিয়েছে প্রতিবেশী দেশ নেপাল (Nepal Flash Flood)। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৬। যার মধ্যে কেবল চিতওয়ান জেলা থেকেই উদ্ধার করা হয়েছে ২৩৩টি দেহ। এখনও নিখোঁজ অন্তত দু’হাজারের বেশি মানুষ।

এই চরম বিপদের দিনে নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। জরুরি উদ্ধারকাজের পাশাপাশি পাঠানো হয়েছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী (Catastrophe Aid)। এবার এই সাহায্যের জন্য ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েল (Nepal President Ramchandra Paudel)। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘নেপালে সাম্প্রতিক দুর্যোগের পর ভারত সরকারের উদার সমর্থন ও সংহতির জন্য আমি নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’ অন্য একটি পোস্টে তিনি আরও লিখেছেন, ‘গত ২৬ অগাস্টের দুর্যোগে ভারতীয়দের মর্মান্তিক প্রাণহানির জন্য আমরা ভারত সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও গভীর সহানুভূতি জানাই।’

ভারত ইতিমধ্যেই কাঠমান্ডুতে ত্রাণ সামগ্রী বোঝাই একাধিক বিশেষ বিমান পাঠিয়েছে। শুক্রবার পৌঁছানো তৃতীয় কিস্তির ত্রাণ সামগ্রী নেপালের মন্ত্রী মহাবীর পুনের হাতে তুলে দেওয়া হয়েছে। ত্রাণ উপকরণের পাশাপাশি ভারত থেকে পাঠানো হয়েছে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল এবং উদ্ধারকারী দল।

উদ্ধারকার্যে সাফল্য মিলেছে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনাতেও। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ত্রিশূশী-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন শ্রমিক এবং তামিলনাডুর ২১ জন বাসিন্দা নিরাপদে দেশে ফিরেছেন। অন্যদিকে, নেপালে আটকে পড়া মহারাষ্ট্রের প্রায় ১০০ জন তীর্থযাত্রীকে বিহারের সীতামঢ়ী জেলা প্রশাসন ও বিহার রাজ্য সরকারের তৎপরতায় সীমান্ত থেকে উদ্ধার করে ট্রেনে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় ভারতের এই দ্রুত ও মানবিক ভূমিকা দুই প্রতিবেশী রাষ্ট্রের পারস্পরিক বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *