উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিপর্যস্ত নেপাল (Nepal flash flood)। রাসুয়া (Rasuwa) জেলার ভোতে কোশি নদীর ভয়াল রূপ ও আকস্মিক হড়পার জেরে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঘটেছে প্রাণহানিও। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের (PM Balendra Shah) সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ক্ষতিগ্রস্ত নেপালকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়ে ভারতের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে।
বুধবার তিব্বত সীমান্ত থেকে তীব্র বেগে নেমে আসা ভোতে কোশি নদীর জল হঠাৎ বিপদসীমা ছাড়িয়ে যায়। জলের এই ভয়ংকর তোড়ে বেশ কয়েকটি গ্রাম ভেসে গিয়েছে এবং অন্তত আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া একাধিক সেতু, রাস্তাঘাট এবং প্রায় এক ডজন জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তিব্বত ও নেপাল সীমান্ত সংলগ্ন এই এলাকায় কৈলাস মানসসরোবর যাত্রায় যাওয়া বহু পর্যটক সহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের প্রাথমিক তালিকা অনুযায়ী, নিখোঁজদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক এবং ৩৭ জন প্রবাসী ভারতীয় (NRI) রয়েছেন।
Spoke to Prime Minister Balendra Shah and conveyed condolences on the lack of lives as a result of floods in Nepal. The folks of India stand in solidarity with their sisters and brothers in Nepal at this tough time.
India is able to present all doable humanitarian…
— Narendra Modi (@narendramodi) August 26, 2026
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় নেপালের এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন এবং জানান এই দুর্দিনে ভারত সবসময় নেপালের ভাইবোনদের পাশে রয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত ও নেপাল যৌথভাবে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে তিনি জানান। সীমান্তের ওপারে চিনের তিব্বত অঞ্চলেও এই ভূমিধস ও হড়পার জেরে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মিলেছে। গিয়রং (Gyirong) কাউন্টিতে যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সেনা ও পুলিশ বাহিনীকে দ্রুত উদ্ধারকাজে নামানো হয়েছে। তবে নদীর জলস্তর অত্যন্ত বেশি থাকায় এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের কারণে উদ্ধারকারী দলগুলির পক্ষে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এদিকে, এত সংখ্যক ভারতীয় পর্যটক নিখোঁজ থাকায় নয়াদিল্লিতেও চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকেও উদ্ধারকাজের ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

