উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে প্রাকৃতিক বিপর্যয়ের (Nepal Catastrophe) চরম আঘাত। কিন্তু এই অন্ধকার পরিস্থিতির মাঝেও আশার আলো দেখাল ত্রাণ ও উদ্ধার অভিযান। সংকাটপন্ন ত্রিশূলী বাজার (Trishuli Bazar) এলাকা থেকে এক শিশু সহ একই পরিবারের তিন ভারতীয়কে জীবিত অবস্থায় উদ্ধার (Rescued) করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে এই স্বস্তিদায়ক খবর নিশ্চিত করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল।
বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই ভারতীয় নাগরিকরা হলেন— অভিজিৎ সুরেশ পওয়ার, দীপিকা অভিজিৎ পওয়ার এবং পাঁচ বছর বয়সী খুদে সমর্থ অভিজিৎ পওয়ার। প্রাথমিক তথ্যানুযায়ী, এই তিনজন একই পরিবারের সদস্য। ভয়ঙ্কর পরিস্থিতির মুখ থেকে উদ্ধার করে তাঁদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। নেপালে নিযুক্ত ভারতীয় দূতাবাস উদ্ধারপ্রাপ্তদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাঁদের নিরাপদে বিমানে করে দেশে ফিরিয়ে আনার বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে।
হিমালয়ের সীমান্তবর্তী অঞ্চলে প্রবল হড়পার জেরে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী:
- নিখোঁজের সংখ্যা: এখনও পর্যন্ত প্রায় ২৭৫ জন ভারতীয় নাগরিকের কোনো খোঁজ মেলেনি।
- জীবিত উদ্ধার:এখনও পর্যন্ত ১৬৯ জন ভারতীয়কে দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকারী দলগুলি নিরলস কাজ করে যাচ্ছে। আটকে পড়া প্রতিটি ভারতীয় নাগরিককে দেশে ফেরত না আনা পর্যন্ত এই তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছে বিদেশ মন্ত্রক।

