উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশ জুড়ে নিট (NEET-UG Paper Leak) প্রশ্নফাঁস-কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এক ছাত্রীকে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে হেনস্থা ও উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেপ্তার হলেন লখনউয়ের এক অধ্যাপক (Lucknow College)। ধৃত শিক্ষকের নাম পরমজিৎ সিংহ।
অভিযোগকারী ছাত্রী একজন পরীক্ষার্থী। তাঁর দাবি, পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক তাঁকে বারবার নিজের বাড়িতে ডাকতেন এবং নানাভাবে উত্ত্যক্ত করতেন। প্রমাণ হিসেবে ওই ছাত্রী শিক্ষকের সঙ্গে কথোপকথনের একটি অডিয়ো রেকর্ড পুলিশের হাতে তুলে দিয়েছেন। সেই ভাইরাল অডিয়োতে শিক্ষককে বলতে শোনা গিয়েছে, “তোমার জন্য দুটো প্রশ্নপত্র জোগাড় করে রেখেছি, ডার্লিং! কখন আসতে পারবে?” ছাত্রীটি সিলেবাস শেষ হওয়ার কথা জানালে শিক্ষক আবার বলেন, “চেষ্টা নয়, পরীক্ষার আগেই এসো কিন্তু। অবশ্যই সাত দিনের মধ্যে।”
ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষক বারবার দাবি করতেন যে তাঁর কাছে প্রশ্নপত্র রয়েছে এবং তা নেওয়ার জন্যই বাড়িতে আসার জন্য জোরাজুরি করতেন। প্রশ্ন ফাঁসের এই গুরুতর বিষয়ের সঙ্গে ছাত্রীকে হেনস্থার অভিযোগ যুক্ত থাকায় পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার (Professor Arrested) করেছে। তবে নিটের প্রশ্নপত্রই তিনি ফাঁস করতে চেয়েছিলেন কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।
অন্যদিকে, অভিযুক্ত অধ্যাপক পরমজিৎ সিংহ সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির শিকার এবং তাঁকে ফাঁসানো হচ্ছে। লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেপি সৈনি এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার মতো এমন ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং দোষ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ওদিকে গত ৩ মে অনুষ্ঠিত হওয়া নিট পরীক্ষা প্রশ্ন ফাঁসের জেরে গত ১২ মে বাতিল হওয়ার পর, এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।
