NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট-ইউজি (NEET-UG 2026) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার এক বিস্ফোরক তথ্য সামনে এল। এই গোটা চক্রের মূল মাথা বা ‘কিংপিন’-কে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। ধৃতের নাম পিভি কুলকার্নি (PV Kulkarni), যিনি পেশায় রসায়নের একজন অধ্যাপক। শুধু তাই নয়, পরীক্ষা আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (NTA)-র অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে পরীক্ষার আসল প্রশ্নপত্র দেখার সরাসরি সুযোগ ছিল তাঁর কাছে।

তদন্তে জানা গিয়েছে, এপ্রিলের শেষ সপ্তাহে এই চক্রের অন্যতম ধৃত অভিযুক্ত মনীষা ওয়াঘমারের সাহায্যে বেশ কিছু পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন কুলকার্নি। পুণেতে মনীষার নিজস্ব বাসভবনে নিট পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ কোচিং ক্লাসের বন্দোবস্ত করা হয়েছিল। গত ১৪ মে মনীষাকে গ্রেপ্তারের পর সিবিআই জানতে পারে, ওই ক্লাসেই পরীক্ষার্থীদের হাতে লেখা নোটে সঠিক উত্তর ও বিকল্প সহ আসল প্রশ্নপত্রগুলি হুবহু লিখিয়ে দেওয়া হয়েছিল, যা ৩ মে-র আসল নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গিয়েছে।

সিবিআই-এর সূত্র অনুযায়ী, এই চক্রের সদস্যরা প্রথমে মহারাষ্ট্রের নাসিকে একটি গোপন বৈঠক করে। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নের একটি কপি পাঠানো হয় হরিয়ানায়। সেখানে ১০টি করে প্রশ্নপত্র নিয়ে মোট ৫টি আলাদা সেট তৈরি করা হয়। এরপর সেই সেটগুলি রাজস্থানের জয়পুর, জমবারামগড় এবং সীকর হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, দিল্লি এবং বিহারের পরীক্ষার্থীদের একাংশের কাছে।

এই চক্রের পর্দাফাঁস করতে গিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুণে এবং আহলিয়ানগর থেকে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। এদের মধ্যে ৫ জনকে ইতিমধ্যেই দিল্লির আদালতে পেশ করে ৭ দিনের পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে। বাকি দু’জনকে পুণের আদালত থেকে ট্রানজিট রিমান্ডের অনুমতি নিয়ে দিল্লিতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলছে। পর্দার আড়ালে থাকা বাকি অপরাধীদের খোঁজে দেশজুড়ে তল্লাশি অভিযান আরও তীব্র করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *