উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘ভালবাসায় বাঁধা পড়লাম জন্ম জন্মান্তরের জন্য।’ নিজের বিয়ের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে এমনটাই লিখলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া। রবিবার ১৯ জানুয়ারি জীবনসঙ্গিনী হিমানী-র সঙ্গে তাঁর বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নীরজ লেখেন, “জীবনের এক নতুন অধ্যায় শুরু করলাম নিজের পরিবারের উপস্থিতিতে।”
নীরজ কিন্তু তাঁর বিয়ের সম্পর্কে কোনও তথ্যই এর আগে প্রকাশ্যে আনেননি। তাই হঠাৎ তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অবাক হয়ে যান তাঁর অনুরাগীরা। নীরজের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে তাঁর মা আশীর্বাদ করছেন নীরজকে। এছাড়াও সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন নীরজ। এই ছবিগুলি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অভিনন্দনের বন্যায় যেন বয়ে যাচ্ছেন নীরজ। তবে সবার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সুরেশ রায়না এবং অভিনেতা গজরাজ রাও।
