নকশালবাড়ি: গ্রেপ্তার নকশালবাড়ি (Naxalbari) গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ। তাঁর বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের তহবিল আত্মসাৎ ও আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে (Panchayat fund embezzlement)। সোমবার রাতে বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিতকে গ্রেপ্তার করে পুলিশ (Arrested)।
পুলিশ সূত্রে খবর, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য সাধন চক্রবর্তীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসস্ট্যান্ডের পার্কিং ব্যবস্থা চুক্তির মাধ্যমে ছ’জন ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছিল। চুক্তি অনুসারে, প্রতি মাসে ১২,০০০ টাকা করে পঞ্চায়েতের নিজস্ব তহবিলে জমা পড়ার কথা ছিল। আগে এই টাকা নিয়মিত জমা হত। কিন্তু ২০২৫ সালের ১৩ জানুয়ারির পর থেকে চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত টাকা পঞ্চায়েতের তহবিলে জমা পড়েনি বলে।
অভিযোগ, তৎকালীন উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ পঞ্চায়েতের প্রাপ্য ওই বিপুল অর্থ নিজের কাছে রেখে আত্মসাৎ করেছেন। এর ফলে পঞ্চায়েতের নিজস্ব তহবিলের ক্ষতি হয়েছে এবং এলাকার সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হয়েছে। অভিযোগকারী সাধন চক্রবর্তী জানান, অভিযোগের সপক্ষে পঞ্চায়েতের নথিপত্র ও প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছিল। এরপরই পুলিশ ঘটনার তদন্ত নেমে প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ ঘোষকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

