উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিয়ে উপনির্বাচনে জোড়া আসনে গেরুয়া ঝড় তুলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। নন্দীগ্রামের পাশাপাশি মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর হাসিল করেছে পদ্মশিবির। বাংলার এই চোখ ধাঁধানো সাফল্যে শুধু রাজ্য রাজনীতিই নয়, সিলমোহর পড়েছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। শুক্রবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে এই জয়কে ‘সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
এদিনের উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট, গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হাতে গড়া গড়ে বড় ব্যবধানে জয় হাতছাড়া হলেও এবার প্রয়াত আপ্তসহায়কের মা হাসিরানি রথের হাত ধরে নন্দীগ্রামে রেকর্ড গড়ল বিজেপি। অন্যদিকে, সংখ্যালঘু প্রধান রেজিনগর বিধানসভা উপনির্বাচনেও বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। বাংলার এই দুই কেন্দ্রের পাশাপাশি অসমের নাগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও গেরুয়া শিবির দুর্দান্ত জয় পেয়েছে।
এই জয়ের পরই নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “নাগাঁও লোকসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল আবারও প্রমাণ করল যে, বিজেপি-এনডিএ-র সুশাসনের কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের এক গভীর আত্মিক সংযোগ রয়েছে।” একইসঙ্গে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি দলের কর্মী-সমর্থকদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বিজেপির এই জয় আগামী দিনে দলীয় নেতৃত্বকে বাড়তি অক্সিজেন জোগাবে। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীও জোর দিয়ে বলেন, “জনকল্যাণ সাধন এবং দেশের প্রতিটি নাগরিকের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার যে অঙ্গীকার আমরা নিয়েছি, এই জনাদেশ সেই লক্ষ্যপূরণে আমাদের আরও বহুগুণ শক্তি জোগাবে।”

