উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : যন্তরমন্তরে আন্দোলনের মাঝে ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও সাময়িকভাবে সরিয়ে দিয়েছিল মেটা। যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তবে মেটা কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভিডিওটি ভুলবশত সরানো হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে।’ সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা। তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্র। ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক মেটা এবং ইনস্টাগ্রামের গ্লোবাল হেডদের সমন পাঠিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে প্রায় ৩ মিনিটের ভিডিওটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিট পরীক্ষার্থীদের উদ্দেশে বলেছিলেন, ‘বন্ধুরা, আমি জানি যে প্রশ্নফাঁস সাধারণ কোনও বিষয় নয়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য এটি খুবই কষ্টদায়ক। সেই কারণেই গত আড়াই মাসে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘অভিযুক্তদের ধরা হয়েছে এবং তারা জেলে রয়েছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যাতে ছাত্রছাত্রীদের একটা বছরও নষ্ট না হয়। অবিলম্বে পরীক্ষা নেওয়াটা খুবই জরুরি ছিল।’ তরুণ প্রজন্মের কাছে সরাসরি পৌঁছানোর এই ডিজিটাল প্রয়াস ব্যাপক সাড়া ফেলে। ইনস্টাগ্রামে ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি ৩০৩ মিলিয়নেরও বেশি ভিউ পায়।
