উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে। শুক্রবার কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, এই হাইভোল্টেজ কেন্দ্রে তাঁরা কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন জানাবেন। কিন্তু এই রাজনৈতিক সমীকরণের রেশ কাটতে না কাটতেই ফের বড় ধাক্কা আসে। মমতা সমর্থনের ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ পুরোনো মামলায় গ্রেপ্তার করে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে (Nandigram bypoll arrest)।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, বহু পুরনো একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস প্রার্থী এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। সেই পুরনো মামলার ভিত্তিতেই শুক্রবার তাঁকে পাকড়াও করা হয়। শনিবার ধৃত প্রার্থীকে হলদিয়া মহকুমা আদালতে পেশ করার কথা রয়েছে। এদিকে আগামীকালই অর্থাৎ শনিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে বিরোধী প্রার্থীর এই ধরনের গ্রেপ্তারিকে ঘিরে বিরোধী শিবির জুড়ে চরম শোরগোল শুরু হয়েছে।
কংগ্রেস নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করে দাবি তুলেছে যে, শাসকদল বা বিজেপি প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের আগেই বিরোধীদের কোণঠাসা করতে চাইছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হঠাৎ করে এই ধরনের মামলা সাজিয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। গণতন্ত্রে কি তবে বিরোধীদের কোনো স্থান থাকবে না?’ এই গ্রেপ্তারির নেপথ্যে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস শিবির।

