উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই। বৃহস্পতিবার সকালে গোয়ার বাসভবনে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দিন চারেক আগেও নানা পাটেকর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণ কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সতীর্থ ও অনুরাগীরা। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানানো হবে।
সাতের দশকে নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন নানা পাটেকর। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’ কিংবা ‘আব তক ছাপ্পান’-এর মতো ছবিতে তাঁর দাপুটে অভিনয় ভারতীয় সিনেমার জগতে এক অনন্য মানদণ্ড তৈরি করেছিল।
নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রে নানা পাটেকরজি’র মতো অভিনেতার সংখ্যা ছিল হাতে গোনা। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখেছেন। তাঁর অভিনীত বহু চরিত্র দর্শকের মনে স্মরণীয় হয়ে থাকবে। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদান অপরিসীম। তাঁর প্রয়াণে সিনেজগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত অনুরাগীর প্রতি গভীর সমবেদনা রইল।’
শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘নানা পাটেকর এমন সব চরিত্রে অভিনয় করেছেন যা মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।’ কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নানা পাটেকরের আকস্মিক প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় সিনেমা তার অন্যতম শক্তিশালী, সৎ এবং স্বতন্ত্র কণ্ঠস্বরকে হারাল। তিনি শুধু সিনেমার চরিত্রে অভিনয় করতেন না, বরং প্রতিটি চরিত্রের মধ্যে তুলে ধরতেন অকৃত্রিম ও আপসহীন বাস্তবতাকে। নানা পাটেকরের অভিনয়শৈলী এমন এক মানদণ্ড তৈরি করেছিল, যা খুব কম অভিনেতার পক্ষেই এযাবৎকাল ছোঁয়া সম্ভব হয়েছে।’

