নাগরাকাটা: সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে ভাঙন যেন থামছেই না। প্রধান সহ ১৭ জন সদস্যের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই বুধবার ফের বড়সড় রাজনৈতিক ধাক্কা খেল ঘাসফুল শিবির। এদিন দুপুরে নাগরাকাটার (Nagrakata) খাসবস্তির জীবন জ্যোতি ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করলেন আরও ৩ পঞ্চায়েত সদস্য এবং বেশ কয়েকজন প্রবীণ নেতা ও কর্মী (Mass Resignation)।
দল ছাড়ার তালিকায় থাকা পঞ্চায়েত সদস্যদের মধ্যে রয়েছেন সুধামা ওরাওঁ (১৬৯ নম্বর সংসদ), গোপাল ছেত্রী (১৭৪ নম্বর সংসদ) এবং পুনম দার্নাল (১৬৪ নম্বর সংসদ)। এছাড়াও এদিন দল ছাড়েন তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের ব্লক সভাপতি গোপাল রুংটা এবং সুলকাপাড়া অঞ্চল কমিটির চেয়ারম্যান দীপেন শর্মা-সহ বহু দলীয় কর্মী।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, দলে সাংগঠনিক সমন্বয় ও নেতৃত্বের চরম অভাব রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা নিজেদের উপেক্ষা ও অবহেলিত মনে করছেন। সুধামা ওরাওঁ বলেন, “এর আগে যখন প্রধানসহ অন্য সদস্যরা দল ছাড়েন, তখন আমাদের কোনো কিছু জানানো হয়নি। কোনো নেতা যোগাযোগ করার প্রয়োজনও মনে করেননি। দলে থেকে সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।” তাঁরা জানান, কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই এখন থেকে তাঁরা এলাকার মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাবেন।
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ২১, বিজেপি ৩ এবং সিপিএম ৩টি আসনে জয়ী হয়েছিল। পরবর্তীকালে সিপিএম থেকে পুনম দার্নাল তৃণমূলে যোগ দিলেও, এক সিপিএম সদস্যের মৃত্যুতে সমীকরণ বদলে যায়। এবার নতুন করে সদস্যদের পদত্যাগের ফলে ওই পঞ্চায়েতের বোর্ড গঠনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুলকাপাড়ার রাজনৈতিক মহলের মতে, তৃণমূল এখন কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে।

