নাগরাকাটা: রাজনৈতিক লড়াইয়ের ময়দানে তাঁরা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী। কিন্তু রামনবমীর পুণ্যলগ্নে নাগরাকাটায় (Nagrakata) মিটে গেল সব ভেদাভেদ। শ্রীরামচন্দ্রের মাহাত্ম্যে যেন কর্পূরের মতো উড়ে গেল রাজনৈতিক তিক্ততা। শুক্রবার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর (Sanjay Kujur) এবং বিজেপি প্রার্থী পুনা ভেংরাকে (Puna Vengra) দেখা গেল একই শোভাযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে। শুধু তাই নয়, একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি ও সৌজন্য বিনিময় করতেও দেখা গেল দুই যুযুধান শিবিরের প্রার্থীদের।
এদিন নাগরাকাটা রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আয়োজিত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা স্টেশন মোড় থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সেখানেই মুখোমুখি হন সঞ্জয় ও পুনা। দুজনের মুখেই ছিল চওড়া হাসি। একে অপরের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করে তাঁরা রামনবমীর শুভেচ্ছা বিনিময় করেন। এই বিরল দৃশ্য দেখে পথচলতি সাধারণ মানুষ ও দুই দলের কর্মী-সমর্থকরাও বেশ অবাক হন। তৃণমূলের পক্ষ থেকে এদিন এলাকায় রামনবমীর শুভেচ্ছা জানিয়ে ফ্লেক্স লাগানো হয়েছিল, পিছিয়ে ছিল না বিজেপিও।
ভোটের আবহে এই সৌজন্যকে অনেকেই ‘ভোট বড় বালাই’ বলে কটাক্ষ করলেও, প্রার্থীরা একে রাজনীতির ঊর্ধ্বে রাখতেই পছন্দ করছেন। তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর জানান, রামনবমীর অনুষ্ঠান সবার জন্য, এখানে রাজনীতির কোনো স্থান নেই। অন্যদিকে বিজেপি প্রার্থী পুনা ভেংরার মতে, রাজনৈতিক মত ও পথ আলাদা হতেই পারে, কিন্তু সামাজিক সৌজন্য বজায় রাখাটা একান্ত জরুরি। সব মিলিয়ে রাজনীতির উথালপাথাল হাওয়ার মাঝে নাগরাকাটায় রামনবমীর এই সম্প্রীতির চিত্র এক অনন্য নজির সৃষ্টি করল।
