ফালাকাটা: রামভক্তির মিছিলে পুষ্পবৃষ্টি আর হাতে জলের বোতল আলিপুরদুয়ারের ফালাকাটায় (Falakata) ধরা পড়ল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। শুক্রবার রামনবমীর পুণ্যলগ্নে হিন্দু জাগরণ মঞ্চের বাইক মিছিল ঘিরে যখন উৎসবের মেজাজ তুঙ্গে, ঠিক তখনই শালকুমারহাট (Shalkumarhat) থেকে সোনাপুর যাওয়ার পথে ঘাটপাড় এলাকায় দেখা গেল এক মানবিক দৃশ্য।
মুসলিম অধ্যুষিত এই এলাকায় মিছিলে আসা হিন্দু ভাইদের স্বাগত জানাতে এগিয়ে এলেন টুপি পরিহিত স্থানীয় সংখ্যালঘু মানুষেরা। বাইক আরোহীদের হাতে তাঁরা তুলে দিলেন পানীয় জলের বোতল, ছিটিয়ে দিলেন ফুলের পাঁপড়ি। হিন্দু-মুসলিম নির্বিশেষে এই প্রীতির মেলবন্ধন দেখে মুগ্ধ খোদ প্রশাসনও। ঘটনাস্থলে উপস্থিত সোনাপুর ফাঁড়ির ওসি মিংমা শেরপা গ্রামবাসীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
উল্লেখ্য, এদিন শালকুমারহাটে ধুমধাম করে শ্রীরামচন্দ্রের (Ram Nabami) পুজোর আয়োজন করা হয়েছিল। এরপর কয়েকশো যুবক বর্ণাঢ্য বাইক মিছিলে অংশ নেন। মিছিলটি ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কের শিলতোর্ষা সেতুর পাশে পৌঁছতেই এই সম্প্রীতির চিত্রটি ফুটে ওঠে, যা বর্তমান সময়ে এক বড় বার্তা বলে মনে করছেন স্থানীয়রা।
