নাগরাকাটা: জলপাইগুড়ির চাপরামারি জঙ্গলে ফের অমানবিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বন্যপ্রাণী। বুধবার সকালে চালসা ও নাগরাকাটা স্টেশনের মাঝে রেললাইন পার হওয়ার সময় এক পাল চিতল হরিণকে লক্ষ্য করে জরুরি ব্রেক কষে তাদের প্রাণ বাঁচালেন শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসের দুই চালক অবধেশ কুমার ও মনোহর কুমার।
জানা গিয়েছে, ট্রেনটি যখন চাপরামারি জঙ্গল চেরা রেল ট্র্যাকের ৬৭/৬-৮ নম্বর পিলারের কাছে পৌঁছায়, তখনই চালকরা লাইনের ওপর এক পাল হরিণ দেখতে পান। বেশ কিছু হরিণ তখন রেললাইনের ওপর উঠে পড়েছিল। ট্রেনের গতি নিয়ন্ত্রণে থাকায় দুই চালক তৎক্ষণাৎ জরুরি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। হরিণগুলি নিরাপদে জঙ্গলে ফিরে না যাওয়া পর্যন্ত ট্রেনটি ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল।
সাধারণত ডুয়ার্সের জঙ্গলে ট্রেন চালকদের সতর্কতায় হাতির প্রাণ বাঁচানোর নজির প্রায়ই শোনা যায়। কিন্তু হরিণের মতো ছোট ও চঞ্চল প্রাণীর ক্ষেত্রেও চালকদের এমন সচেতনতা ও সময়োচিত পদক্ষেপ সত্যিই বিরল। চালকদের এই মানবিকতায় এলাকায় প্রশংসার জোয়ার বইছে।

