নাগরাকাটা: অবশেষে দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান। শুক্রবার থেকে নাগরাকাটা (Nagrakata) ব্লকে পুনরায় শুরু হলো ১০০ দিনের কাজ (100 Days Work)। প্রকল্পের নতুন নাম ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন’ (ভিবি-জিরাম জি)-এর অধীনে সুলকাপাড়া, লুকসান ও আংরাভাসা—এই তিন গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ শুরু হয়েছে।
এদিন সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের সুখানী বস্তীতে প্রকল্পের উদ্বোধন করেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা (MLA Puna Bhengra) ও বিডিও জয় প্রকাশ মন্ডল হবে (Bipul Mondal)। কাজের সূচনায় পুজো পাঠের পর বিধায়ক স্পষ্ট করে দেন, আগের সরকারের আমলে এই প্রকল্পে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবার তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিধায়কের কথায়, “কেউ যেন এমনটা না ভাবেন যে বেঙ্গালুরুতে বসে থাকবেন আর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। প্রকৃত শ্রমিকদের হাতেই প্রাপ্য মজুরি পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য।”
প্রশাসন সূত্রে জানা গেছে, এবার কাজের ক্ষেত্রে কড়া নজরদারি রাখা হচ্ছে। শুধুমাত্র ই-কেওয়াইসি সম্পন্ন জব কার্ডধারী শ্রমিকরাই কাজ পাবেন। ন্যাশনাল মোবাইল মনিটারিং সিস্টেম অ্যাপের মাধ্যমে দিনে তিনবার (কাজের শুরুতে, মাঝে ও শেষে) শ্রমিকদের ছবি তুলে তা আপলোড করা হবে। বর্তমানে অদক্ষ শ্রমিকদের দৈনিক ২৬০ টাকা মজুরি ধার্য করা হয়েছে, যা ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিন পর কাজ পেয়ে স্থানীয় শ্রমিক রত্নি ওরাওঁ, বৈজন্তী সাঁওতালদের মুখে চওড়া হাসি। তাঁরা জানান, এই কাজে পরিবারের আর্থিক সংকট অনেকটাই লাঘব হবে। প্রথম দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শীতল মিস্ত্রীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা।

