উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুনের (Nadia Congress Chief Murdered) ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান (TMC Panchayat Pradhan) সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে বেথুয়াডহরি রেলগেটের কাছে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানের গাড়ি আটকে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, প্রথমে গাড়ি লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়, এরপর বাবা ও ছেলেকে বাইরে টেনে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রবিবার সকালে হরনগর তৃণমূলের পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি এবং তার দুই সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ফতেমার স্বামী, এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জুব্বার শেখ বর্তমানে জেলবন্দি। নিহতের পরিবারের দাবি, বিধানসভা নির্বাচনের পর এলাকায় আনিসুরের জনপ্রিয়তা বাড়ায় কোণঠাসা হয়ে পড়েছিল জুব্বার গোষ্ঠী। জেল থেকেই জুব্বার এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ তুলছেন নিহতের স্বজনেরা। পুলিশ তিনজনকে আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
এই জোড়া খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, রাজ্যে সংখ্যালঘু ও বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে ‘কালাদিবস’ পালনের ডাক দিয়েছে কংগ্রেস। অন্যদিকে, প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশ পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করেছে।

