করণদিঘি: কাজ করার সময় হঠাৎই ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি (Electrical Pole Collapsed)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহম্মদ আরিফুল নামে এক বিদ্যুৎকর্মী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে করণদিঘি থানার লাহুতারা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামে (Karandighi)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, কেশবপুর গ্রামে বিদ্যুতের খুঁটিতে তার সংযোগের কাজ করছিলেন আরিফুল। ঠিক সেই সময় আচমকাই বিকট শব্দে আস্ত খুঁটিটি ভেঙে পড়ে এবং তিনি তাঁর নীচে চাপা পড়েন। আশঙ্কাজনক অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে যান রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তবে শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
আহত কর্মী আরিফুল জানিয়েছেন, তাঁর বাড়ি নদিয়া জেলায়। কাজের সময় এই আচমকা দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

